Mysterious Death

“শ্মশানের পুকুরে খুঁজো”, ডায়েরিতে লেখা বার্তা, সেই পথেই মিলল কিশোরীর দেহ

নিজের ডায়েরিতেই ওই পুকুরের উল্লেখ করে গিয়েছিল কিশোরী। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও অন্য সম্ভাবনাও তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, গুরুগ্রাম
  • শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৯

হরিয়ানার গুরুগ্রামে একাদশ শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ি থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর এলাকার একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার করেছে পুলিশ। নিজের ডায়েরিতেই ওই পুকুরের উল্লেখ করে গিয়েছিল কিশোরী। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও অন্য সম্ভাবনাও তদন্ত করে দেখা হচ্ছে।

মোকালওয়াস গ্রামের বাসিন্দা ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের ছাত্রী ছিল। তার বাবা স্থানীয় আদালতের লাইব্রেরিতে কাজ করেন। পরিবারের দাবি, সে অত্যন্ত মেধাবী ছিল এবং কোনও মানসিক অবসাদের কথা তারা জানতেন না। মৃত্যুর সময় তার পরনে স্কুলের পোশাকই ছিল, সেই অবস্থাতেই দেহ উদ্ধার হয়।

গত ১২ ফেব্রুয়ারি সে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তার ঘর থেকে একটি ডায়েরি উদ্ধার করে পুলিশ। সেখানে লেখা ছিল, ‘‘মা, বাবা, আমাকে ক্ষমা করে দিয়ো। আমি দাদুর কাছে চলে যাচ্ছি। আমাকে খুঁজো না। যদি একান্তই খুঁজতে হয়, শ্মশানের কাছের পুকুরটায় খুঁজো।’’ সেই সূত্র ধরেই শনিবার পুকুরে তল্লাশি চালিয়ে দেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১১ তারিখ রাতে খাওয়ার পর পড়াশোনার কথা বলে নিজের ঘরে যায় কিশোরী। পরদিন সকালে তাকে আর ঘরে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোররাতে স্কুলের পোশাক পরে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে সে। মেয়ের খোঁজ পেতে এক লক্ষ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করেছিল পরিবার।

ডায়েরির তথ্য অনুযায়ী শ্মশানের পাশের পুকুরে জল সেচে তল্লাশি চালানো হলে কাদার মধ্যে আটকে থাকা দেহ দেখতে পান পুলিশকর্মীরা। দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। মৃত্যুর কারণ জানতে পরিবারের সদস্য ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ চলছে।


Share